প্রিন্ট এর তারিখঃ Aug 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ লংধং পাড়ার মাংরুম মুরুং আটক

মোঃ আমির হোসাইন ছাদেকী
জেলা প্রতিনিধি (বান্দরবান)
আলীকদম উপজেলার লংধং পাড়ার চাইং হং মুরুংয়ের ছেলে মাংরুম মুরুং (৪৩) কে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে আলীকদম-থানচি সড়কের ১১ কিলো এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর আলীকদম জোনের একটি টহল দল এবং আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম যৌথভাবে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মাংরুম মুরুংকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে আটক ব্যক্তিসহ আলামত আলীকদম থানায় নিয়ে আসা হয়।
পুলিশের পক্ষ থেকে লিখিত এজাহার দাখিলের পর আলীকদম থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ আগস্ট ২০২৬ তারিখে ০২ নম্বর মামলা হিসেবে রুজু করা হয়।
আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ মাংরুম মুরুংকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার পর আটক মাংরুম মুরুংকে বুধবার সকাল ৭টার দিকে পুলিশ পাহারায় বান্দরবান সদরে আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সর্বশেষ এ অভিযানে বিপুলসংখ্যক গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্রের উৎস ও এগুলো কোথায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪